ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া নামে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় জড়িত আনসার সদস্য মো. মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png)
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নাজমুস সাকিব জানান, রানওয়েতে বিমান উড্ডয়নের আগে পাখি নিয়ন্ত্রণে বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আনসার সদস্য মো. মোজাম্মেল হক (শুটার) এবং ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িতে করে রওনা হন।
গাড়িতে অবস্থানকালে শুটার মোজাম্মেল হক পাখি তাড়ানোর এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন। পরে গাড়ি থেকে নামার সময় লোড করা এয়ারগানটির সঙ্গে গাড়ির দরজার ধাক্কা লাগলে অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়ে যায়। এতে সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনে থাকা ক্লিনার রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ আহত রুবেল মিয়াকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তার শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের কোনো আশঙ্কার কথা জানাননি তারা।
ঘটনার পর সিলেটের জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের মতো কেপিআই এবং সংবেদনশীল এলাকায় দায়িত্বে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তাবিধি আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।