ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রবি’র ছাত্রীর মেসে অস্ত্র নিয়ে প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রবি’র ছাত্রীর মেসে অস্ত্র নিয়ে প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ম্যানেজমেন্ট বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবক ধারালো অস্ত্র হাতে তার কক্ষে ঢুকে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে এক যুবক ধারালো অস্ত্র হাতে ওই শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি অনৈতিক উদ্দেশ্যে এগিয়ে গেলে শিক্ষার্থী বাধা দেন। এ সময় তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

শিক্ষার্থীর চিৎকার ও প্রতিরোধের মুখে ওই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। ধস্তাধস্তির সময় শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতের চিহ্ন দেখা যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

তবে ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া বর্ণনা ও জবানবন্দির সঙ্গে আটক ব্যক্তির চেহারার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

শাহজাদপুর থানা-পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর দেওয়া বর্ণনার ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ছাত্রী মেস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে রয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!