ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত
নাটোরে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা সবাই প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার। গত ২২ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ব্যাংক কর্তৃপক্ষ।
নাটোর সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আহসান রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে লিটন কুমার ও বিপুল পালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সম্প্রতি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক। ওই দুই কর্মকর্তা নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন।
.png)
ব্যাংক সূত্রে জানা গেছে, লিটন কুমারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর বিপুল পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, নাটোরে কর্মরত থাকার সময় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে তারা বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বরখাস্ত হওয়া অন্য তিন কর্মকর্তা হলেন এইচএম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। তারা নাটোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।
এই তিন কর্মকর্তার বিরুদ্ধে বিপুল অঙ্কের ভুয়া ঋণপত্র তৈরি এবং অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।