ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোহেলী হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোহেলী হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার
সোহেলী হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিল ও গুলিবর্ষণের ঘটনায় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে (৫৫) ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

আদালতে ছানোয়ার হোসেনের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার মামলায় ১ থেকে ৮ নম্বর আসামির নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের সশস্ত্র কর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে মামলার বাদী সোহেলী তামান্নার বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়। একই সময় তার কোমরের পেছনে ও পিঠে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যে তার বিরুদ্ধে ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় মদদ দেওয়ার অভিযোগের তথ্য পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/টাঙ্গাইল/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!