গোয়ালন্দে মহাসড়কে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে খোলা ট্রাকে বালু পরিবহনের অভিযোগে একটি ট্রাক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকার একটি বালুর চাতালে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
উপজেলা প্রশাসন জানায়, ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে খোলা ট্রাকে বালু ও মাটি পরিবহন করা হলে তা সড়কে পড়ে ধুলাবালির সৃষ্টি করে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।
.png)
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, খোলা অবস্থায় মহাসড়কে বালু পরিবহনের সময় বালু সড়কে পড়ে ধুলাবালি তৈরি হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু বা মাটি পরিবহন করা যাবে না।
তিনি আরও বলেন, সড়কে বালু-মাটি পড়ে যাতে পরিবেশ ও জননিরাপত্তার সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। খোলা ট্রাকে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ বালু বা মাটি পরিবহন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে বালু ও মাটি পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।