ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: খোকন তালুকদার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

খোকন তালুকদার বলেন, ‘যাদের রাজনীতির জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না।’

Advertisement

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতৃত্বে থাকা কয়েকজন ব্যক্তি বিএনপিকে নিয়েও অপপ্রচার চালাচ্ছেন। তারা প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। অথচ তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, একসময় তারা আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন। বর্তমানে তারাই আওয়ামী লীগের বিরোধিতা করছেন এবং একই সঙ্গে বিএনপিকে নিয়েও সমালোচনা করছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও প্রচারের বিষয়ে খোকন তালুকদার বলেন, এসবের জবাব জনগণই দেবে। দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড ও বর্তমান ভূমিকা বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!