ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের কাছে পানির বাড়তি দাম রাখল কিশোরগঞ্জের ‘ম্যাক টেস্ট শপ’

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের কাছে পানির বাড়তি দাম রাখল কিশোরগঞ্জের ‘ম্যাক টেস্ট শপ’
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে পুলিশের কাছেই বোতলজাত পানির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার অভিযোগ উঠেছে ‘ম্যাক টেস্ট শপ’ নামের একটি ফাস্টফুড রেস্টুরেন্টের বিরুদ্ধে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের গাইটাল এলাকার ম্যাক টেস্ট শপ আউটলেটে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞার সঙ্গে এ ঘটনা ঘটে। পরে অবশ্য অতিরিক্ত রাখা টাকা ফেরত দেওয়া হয়েছে।

Advertisement

জানা গেছে, বিকেলে পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা শেষে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা এবং জেলার কয়েকজন সাংবাদিক একসাথে ম্যাক টেস্ট শপে নাস্তা করতে যান। খাবার শেষে বিল পরিশোধের সময় পানির বোতলের অতিরিক্ত মূল্য রাখার বিষয়টি ওসির নজরে আসে।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি আবুল কালাম ভূঞা জানান, খাবার শেষে তিনি দুই লিটার পানির বোতলের দাম পরিশোধের জন্য শপে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে ১০০ টাকার একটি নোট দেন। পরে তাঁকে মাত্র ৪০ টাকা ফেরত দেওয়া হয়। বিলের বিস্তারিত হিসাব জানতে চাইলে দায়িত্বরত কর্মী জানান, হিসাব সঠিকভাবেই করা হয়েছে। দুই লিটার পানির মূল্য ৬০ টাকা। পরে ওসি পানির বোতলের গায়ে লেখা মূল্য পরীক্ষা করে দেখেন, সেখানে ৪০ টাকা লেখা থাকলেও তাঁর কাছ থেকে ৬০ টাকা বিল ধরা হয়েছে।

ওসি আবুল কালাম ভূঞা বলেন, তাদের সেবার মান অত্যন্ত বাজে। স্বয়ং আমার কাছেই তারা পানির দাম ২০ টাকা বেশি রেখেছে। তিনি আরও জানান, ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা ও অতিরিক্ত দাম রাখার দায়ে উক্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহক হয়রানির একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আরাফাত নামের এক স্থানীয় গ্রাহক জানান, জেলা শহরে ম্যাক টেস্ট শপের প্রায় সাতটি আউটলেট রয়েছে। এসব আউটলেটের কর্মীদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসংবেদনশীল ও বাজে আচরণের নিয়মিত অভিযোগ রয়েছে।

ফয়সাল নামের অপর এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আপাতদৃষ্টিতে সামর্থ্যবান কিংবা ভদ্রলোক মনে হলে তাঁদের লক্ষ্য করে অতিরিক্ত বিল তৈরি করা হয়। অনেকেই তাড়াহুড়োয় বা সরল বিশ্বাসে বিল যাচাই না করে টাকা বুঝিয়ে দেন প্রতিষ্ঠানটি এই সুযোগটাই কাজে লাগায়।

তবে পুলিশের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার বিষেয়  ম্যাক টেস্ট শপের দায়িত্বে থাকা সুপারভাইজার আব্দুল্লাহ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত দাবি করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এমএম খান (ম্যাক) প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!