দামুড়হুদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৭) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু দর্শনার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। আহত আলামিন একই এলাকার শান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মিঠু ও আলামিন মোটরসাইকেলযোগে লোকনাথপুর-পরানপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিঠুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত আলামিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটির গতি বেশি ছিল। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।