ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুচ্ছ ঘটনায় দামুড়হুদায় ফল বিক্রেতার বুকে চাকু ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ২ অক্টোবর ২০২৬
তুচ্ছ ঘটনায় দামুড়হুদায় ফল বিক্রেতার বুকে চাকু ঢুকিয়ে হত্যা
কার্পাসডাঙ্গার মুচি বটতলায় ছুরিকাঘাতে নিহত ফল বিক্রেতা মধু। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোসহ তুচ্ছ বিষয় নিয়ে মধুর সঙ্গে পাশের এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ওই সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা জানান, ধারালো অস্ত্রের আঘাতে মধুর বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটপাতে ফল ও সবজি বিক্রেতার মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!