ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে বস্তায় ককটেলসদৃশ ১০-১২টি বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ৩ অক্টোবর ২০২৬
টঙ্গীতে বস্তায় ককটেলসদৃশ ১০-১২টি বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় বস্তার ভেতর ককটেলসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বস্তার ভেতর ককটেলসদৃশ ১০ থেকে ১২টি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রেখেছে। বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করতে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বস্তার ভেতর ককটেলের মতো কয়েকটি বস্তু দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। একই সঙ্গে বস্তুগুলো পরীক্ষা করতে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘ককটেলের মতো ১০ থেকে ১২টি বস্তু দেখা গেছে। ধারণা করছি, এগুলো ককটেল হতে পারে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।’

ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।’

পুলিশ জানিয়েছে, বম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর বস্তায় থাকা বস্তুগুলো আসলে কী, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!