ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় ভারতে যাওয়ার পথে ৪ তরুণ আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ৬ অক্টোবর ২০২৬
তেঁতুলিয়ায় ভারতে যাওয়ার পথে ৪ তরুণ আটক
ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যান।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার-৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাত বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও বাকি তিনজন পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক তরুণরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

পরে সকালে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চার তরুণকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয় এবং তিনজন পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। সীমান্তে ২৪ ঘণ্টাই টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!