ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলনে তৌহিদি জনতার ঢল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ১০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলনে তৌহিদি জনতার ঢল
ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি। ছবি: ডেইলি বাংলাদেশ

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, সম্মেলনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও মধুপুর দরবার শরীফের পীর আল্লামা আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও নেছারাবাদ দরবার শরীফের পীর আমীরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী।

এ ছাড়া সংগঠনের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল, নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ ও মুফতি মুহাম্মাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী এবং ঢাকার বাড্ডার মিফতাহুল উলুম মাদরাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের আলেমরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আমন্ত্রিত আলেমদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গালুয়া দরবার শরীফের শাহ সাহেব ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার খান, গালুয়ার পীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আব্দুর রহীম খান, তালগাছিয়ার পীর মুফতি নূরুল্লাহ আশরাফী, কারীমপুরের পীর ও কারীমপুর কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মো. হেদায়েতুল্লাহ ফয়েজী, কাঠিপাড়ার পীর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী, গণভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম, ঝালকাঠি বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী এবং ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন মাদরাসার মুহতামিম, মসজিদের ইমাম-খতিব, দরবার শরীফের পীর এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, ঝালকাঠিস্থ জৌনপুর মাদরাসা ও হাসনাঈনিয়া হাফিজি মাদরাসার সভাপতি অধ্যাপক মো. কামরুল ইসলাম তালুকদার, ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. কামাল হোসেন তালুকদার, বাংলাদেশ তাবলিগ জামাতের ঝালকাঠি জেলা শুরা সদস্য মো. মোস্তফা খান, জেলা খেলাফত মজলিসের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান এবং জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব সোহাগসহ অন্যরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন শায়েখে গালুয়া ও ঝালকাঠি জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আব্দুল গাফ্ফার খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝালকাঠি ধারাখানা ফয়জুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মুফতি আইয়ূব খান।

সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের পণ্য বর্জনের আহ্বান জানান। একই সঙ্গে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!