কেন্দুয়ায় ২৪ ঘণ্টায় চারজনের অপমৃত্যু
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এ ছাড়া এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এক নারীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় আব্দুল কাদির (৫৫) নামের এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় লোকজন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুল কাদির দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
অন্যদিকে, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামে হামিদা আক্তার (৪৫) নামের এক নারীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. কাশেম আলীর স্ত্রী। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি বিষ পান করেন বলে জানা গেছে।
এ ছাড়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাওয়ালীকান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো মো. আব্দুস সাত্তারের ছেলে ফুয়াদ (৭) ও আরাফাত (৬)। রোববার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটির বাবা-মা গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহে ব্যস্ত ছিলেন। এ সময় খেলার ছলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে দুই ভাই। পরে তাদের মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম রোববার দুপুরে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুল কাদির ও হামিদা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, কোনো অভিযোগ না থাকায় ফুয়াদ ও আরাফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।