বিয়েতে ‘না’ পরিবারের, ঘরে মিলল কিশোরের মরদেহ
নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, পছন্দের নারীকে বিয়ে করতে না পারায় অভিমান থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
নিহত সিফাত ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং একটি হোটেলে কাজ করত। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সে। তবে সিফাতের বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়েতে রাজি না থাকায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।
প্রথমে সিফাত তার নানির বাড়িতে ছিল। তিন দিন আগে সে নিজ বাড়িতে আসে। রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজের শয়নকক্ষে ঘুমাতে যায় সে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিফাতের চাচি সুজি বেগম তাকে নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা বিয়েতে রাজি না হওয়ায় সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।