ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠির ৩১ ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক, দায়িত্ব পালন শুরু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১২ অক্টোবর ২০২৬
ঝালকাঠির ৩১ ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক, দায়িত্ব পালন শুরু
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ায় এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার নবনিযুক্ত প্রশাসকেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন। রোববার ও সোমবারও তাঁরা নিয়মিত দায়িত্ব পালন করেন।

ঝালকাঠি সদর উপজেলার ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার পরিষদে যোগদানের পর ইউনিয়ন পরিষদের সদস্য ও সচিব তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। তবে সদর উপজেলার ৭ নম্বর পোনাবালিয়া ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না ৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রশাসক নিয়োগসংক্রান্ত চিঠি পাঠান।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ পোনাবালিয়া ইউনিয়ন ছাড়া উপজেলার অন্য ইউনিয়নগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকদের যোগদানের নির্দেশনা দেন।

সদর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকেরা হলেন ১ নম্বর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদ, ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়নে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাইয়ুম, ৪ নম্বর কেওড়া ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, ৬ নম্বর বাসন্ডা ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাছুম খান, ৮ নম্বর গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে উপসহকারী প্রকৌশলী এস এম সাইদুর রহমান, ৯ নম্বর শেখেরহাট ইউনিয়নে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. তমিজউদ্দীন এবং ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে মো. তরিকুল ইসলাম।

প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তা যথাযথভাবে কাজে লাগাতে চান। সরকারের স্থানীয় সরকারবিষয়ক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর লক্ষ্য।

তিনি এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের কাছ থেকেও ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!