ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ১৩ অক্টোবর ২০২৬
জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর
জীবননগর থানা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ভোরের দিকে স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, নিহত নারীর মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের জোরালো চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!