ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোদায় পাচারের সময় ১২০ বস্তা সার উদ্ধার, ডিলারের বিক্রি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ১৩ অক্টোবর ২০২৬
বোদায় পাচারের সময় ১২০ বস্তা সার উদ্ধার, ডিলারের বিক্রি বন্ধ
পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সরকারি ডিএপি সার উদ্ধার করেছে প্রশাসন। ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সরকারি ডিএপি সার উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় নুরনবী এন্টারপ্রাইজ নামে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাতখামার এলাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি মাহিন্দ্র গাড়িতে তোলা হয়। পরে সারগুলো পাশের আটোয়ারী উপজেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাবেক কাউন্সিলরসহ এলাকাবাসী গাড়িটি আটক করেন।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি উদ্ধার করে উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. রবিউল ইসলাম। সরকারি নীতিমালা লঙ্ঘন করে সার অবৈধভাবে পরিবহনের দায়ে নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্তও নেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, স্থানীয় সাবেক কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার করা ১২০ বস্তা সরকারি ডিএপি সার পরে স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে সরকারি সার কালোবাজারে বিক্রি কিংবা অবৈধভাবে পাচারের যেকোনো চেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সারের বণ্টন ও বিক্রিতে অনিয়ম প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এদিকে সার ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে একই পরিবারের সদস্যদের নামে দুটি ডিলারশিপ পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নুরনবী এন্টারপ্রাইজ ও তানিম এন্টারপ্রাইজ একই পরিবারের প্রতিষ্ঠান। তাদের দাবি, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!