বেনাপোলে চার পূজামণ্ডপে আর্থিক অনুদান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌর এলাকার চারটি পূজামণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক অনুদান দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় হোটেল সানরুফে আয়োজিত এক সুধী সমাবেশ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বিএনপি নেতা আবুল হাসান জহির, বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহাক মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং শার্শা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে মিলেমিশে বসবাস করতে হবে।
তারা আরও বলেন, সমাজে হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিই হওয়া উচিত সবার মূল শক্তি। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার কথা বিবেচনা করে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার ছুটির দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলে তারা জানান। একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে চারটি পূজামণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বিএনপি নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।