ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৪ অক্টোবর ২০২৬
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের কয়েকটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই অডিওতে আল্লাহ, হযরত মোহাম্মদ (সা.) ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি শামীমের বাড়িতে যান। এ সময় তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে কুলিয়া এলাকার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করেন।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে পারুলিয়া ও কুলিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন কুলিয়ার ওই চেম্বারে গিয়ে শামীমকে মারধর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও একদল লোক তার ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় বলে জানা গেছে।

রাত ১১টার দিকে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ধর্মীয় অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা শামীমকে ঘেরাও করলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কিছু লোক হাসপাতালে ঢুকে তার ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!