ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে শুভেচ্ছা
ভোলার সদর উপজেলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দের খবরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণসমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। বুধবার বিকেলে শিবপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় ইউনিয়ন বিজেপির উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন বিজেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইনুদ্দিন মিয়া। এ সময় তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম, পার্থ এমপি হলে মন্ত্রী হবেন, আর মন্ত্রী হলে ভোলার নদীভাঙন রোধসহ ব্যাপক উন্নয়ন করবেন। তারই ধারাবাহিকতায় শিবপুর ইউনিয়নের নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ শিবপুরবাসীর দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সেই দাবি পূরণের পথ তৈরি হয়েছে। তবে দ্রুত কাজ শুরু করার পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা ও নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিও জানান।
এ সময় জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ও রুমি সিকদার, পৌর শ্রমিক পার্টির সভাপতি মো. জাকির হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. জাবেদসহ বিভিন্ন ওয়ার্ডের বিজেপি নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে শিবপুরসহ আশপাশের এলাকার বহু মানুষ ঘরবাড়ি, বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছেন। নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে অনেক পরিবারের। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দের খবরে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিবপুরের বিস্তীর্ণ জনপদ নদীভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। এতে মানুষের জানমাল ও সম্পদ রক্ষার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।