ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ফকির সাবেক সেনাসদস্য ছিলেন। ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উৎরাইল এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত আলিফ ফকিরকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, এ হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!