ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধভাবে সার মজুদ, ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১৮ অক্টোবর ২০২৬
অবৈধভাবে সার মজুদ, ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
গোডাউন থেকে জব্দকৃত সার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা সার উদ্ধার করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে সরকার ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে প্রসিকিউশন দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।

অভিযানে গোডাউন থেকে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

মালতিনগর বাজারের স্থানীয় বাসিন্দা রেজাউল জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুদ রাখা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি কৃষকদের স্বার্থ বিবেচনায় জব্দ করা সার ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!