ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেলকুচি-এনায়েতপুরে সনাতন ধর্মালম্বীদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৯ অক্টোবর ২০২৬
বেলকুচি-এনায়েতপুরে সনাতন ধর্মালম্বীদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ
সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের ১০ লাখ টাকা ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়। রোববার দিনব্যাপি বেলকুচি উপজেলা অডিটরিয়ামে ৯৬টি মন্দির কমিটির প্রতিনিধির হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান। সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান সিকদার, পূজা উদযাপন পরিষদের বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ণ দে এবং বেলকুচি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর শাহা প্রমুখ।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

আমিরুল ইসলাম আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের আনন্দ বাড়াতেই এই উপহার দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!