সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় অপূর্বর এক দিনের রিমান্ড
নেত্রকোণার দুর্গাপুরে সাবেক সেনা সদস্য ও অনলাইন আইপি টেলিভিশন ‘রূপসী বাংলা’র সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অপূর্ব এর আগেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপূর্বকে শনাক্ত করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। এর মধ্যে পাঁচটি গুলি তার শরীরে লাগে। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৬ অক্টোবর নিহতের দ্বিতীয় স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। পরে এ মামলায় অপূর্বকে গ্রেপ্তার দেখানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অপূর্বকে আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি-১৪)-এর গোয়েন্দা ইউনিটও ছায়াতদন্ত শুরু করেছে।