ওমানে হৃদরোগে প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি
ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামান বিপ্লব (৪৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
বিপ্লব কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার জামাইল এলাকার প্রয়াত নূরুল ইসলামের ছেলে। তিনি ওমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দেশে তার মা, স্ত্রী সোমা আক্তার, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিপ্লবের ফুপাতো ভাই কাউসার টিটু জানান, রোববার রাতে স্ত্রীকে ফোন করে বুকে তীব্র ব্যথা অনুভব করার কথা জানিয়েছিলেন বিপ্লব। পরে তাকে ওমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এক সহকর্মীর ফোনে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।
কাউসার টিটু আরও জানান, খবর পেয়ে তিনি কিশোরগঞ্জ শহর থেকে বিপ্লবের বাড়িতে ছুটে যান। স্বজনদের কান্না থামছে না। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।
বিপ্লবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।