ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আমি ব্যক্তি, দল বা গোষ্ঠীর লাভের জন্য কাজ করি না - ডেপুটি স্পিকার

মধ্যস্বত্বভোগী যারা টাকা নিয়েছে, এরকম নতুন চাঁদাবাজ বা দুর্নীতিবাজ কাউকে আমরা এখানে সৃষ্টি হতে দেব না, ইনশাআল্লাহ।
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা
প্রকাশিত: ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৬
আমি ব্যক্তি, দল বা গোষ্ঠীর লাভের জন্য কাজ করি না - ডেপুটি স্পিকার
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, "আমি কারো ব্যক্তিগত লাভের জন্য বা কোনো দলের লাভের জন্য, কোনো বংশের বা গোষ্ঠীর লাভের জন্য কাজ করি না। আমি আপনাদের সকলের জন্য কাজ করতে চাই।"

সোমবার (১৯ অক্টোবর) কলমাকান্দা উপজেলার নাজিরপুর পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে এই কথা বলেন।

তিনি আরও বলেন, "এই নাজিরপুর বাজার বিভিন্নভাবে দুই-চার-পাঁচ জন বা দশ জন মানুষ জিম্মি করার মতো অবস্থায় রেখেছিল। সরকারি ও জনগণের সম্পদের ওপর অট্টালিকা গড়ে তোলা হয়েছিল। সরকার তার সিদ্ধান্ত মোতাবেক আইনগতভাবে ও নিয়মসম্মতভাবে সরকারি সম্পদ ফিরে পেয়েছে। এই জায়গাগুলোতে আমরা নতুনভাবে সকলের জন্য উন্মুক্ত করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলব।"

তিনি আরও বলেন, "মধ্যস্বত্বভোগী যারা টাকা নিয়েছে, এরকম নতুন চাঁদাবাজ বা দুর্নীতিবাজ কাউকে আমরা এখানে সৃষ্টি হতে দেব না, ইনশাআল্লাহ। আমি জানি, দোকান বা সরকারি সম্পদ ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগে আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেকেই হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি সেটা অস্বীকার করব না। কিন্তু আপনাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আপনারা বেশিরভাগই ছিলেন এখানে ভাড়াটিয়া। এই ভাড়াটিয়া থেকে এখন আপনারা ইনশাআল্লাহ মালিকে পরিণত হবেন, সেই বন্দোবস্ত আমরা করছি।"

তিনি আরও বলেন, "দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার অনুরোধ—আসুন, ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের নাজিরপুরকে আমাদের মতো করে গড়ে তুলি। যেখানে নাজিরপুরের প্রত্যেকটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। যেখানে সমতা থাকবে, আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কারো কোনো ব্যক্তিগত লালসার জন্য, চাহিদার জন্য বা স্বার্থের জন্য আমরা নাজিরপুরকে ব্যবহার করতে দেব না।"

তিনি আরও বলেন, "আমি আইনের মানুষ, আইনি প্রক্রিয়াসহ সবকিছু হয়েছে। আইনগতভাবেই ইনশাআল্লাহ ফয়সালা হবে। অতএব, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। সেই সহযোগিতা কোনো অর্থনৈতিক সহযোগিতা নয়, সরকার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করবে, তাতে আপনারা সহযোগিতা করবেন। কোনো ব্যক্তিকে আমরা এখানে মাফিয়া ডন বানাবো না। এলাকার প্রকৃত ব্যবসায়ীদেরই আমরা এখানে ব্যবসার সুযোগ দেব। অমুক ভাই, অমুক মাস্টার বা অমুক তমুক সরকারি জায়গায় তিনতলা-চারতলা বিল্ডিং বানিয়েছে, এক বছরের লিজ নিয়ে আইন ভঙ্গ করেছে—এ রকম নতুন কাউকে এখানে আমরা সৃষ্টি হতে দেব না।"

ডেপুটি স্পিকার আরো বলেন, "আইনের হাত সবার চেয়ে লম্বা। আজ আমি যদি কোনো বেআইনি কাজ করি, তবে তাঁকেও আইনের মুখোমুখি হতে হবে এবং আমিও একদিন না একদিন আইনের মাধ্যমে দায়ী হব। অতএব, বিগত দিনে যারা আইন ভঙ্গ করে অট্টালিকা করেছে। আগামী দিনে আর কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া হবে না। আমাদের জীবনের অনেক সময় আমরা অপচয় করেছি। বিগত দিনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এলাকার বা সামগ্রিক স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "কলমাকান্দা-দুর্গাপুরের রাজধানী হলো এই নাজিরপুর। নাজিরপুরকে উন্নত করতে পারলে আমাদের কলমাকান্দা-দুর্গাপুরের উন্নয়ন সবার চেয়ে দ্রুত হবে। এই নাজিরপুর এমন একটা জায়গা, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন; মুরুব্বিয়ানেরা তা জানেন। অতএব, এই মাঠেই শহীদ জিয়া এসেছিলেন। আমি এই কথাটি এ জন্যই বললাম যে, আমরা এই নাজিরপুরকে কলমাকান্দা-দুর্গাপুরের একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সারা দেশের ছয়টি বিভাগে উন্নতমানের ছয়টি হেলথ হাব বা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে একটি আসছে আপনাদের নাজিরপুরে।"

এর আগে নাজিরপুর পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে নাজিরপুর পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয়সংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
ট্যাগ: বিএনপি
লিংক সফলভাবে কপি হয়েছে!