সিরাজগঞ্জে বাসে তল্লাশি, ২৯৫ নেশার ইনজেকশনসহ নারী গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫টি নেশাজাতীয় ইনজেকশনসহ ৫০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গ্রেপ্তার মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশনস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি দল তেলকুপি থেকে চান্দাইকোনাগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক পরিবহনের অভিযোগে শাহনাজকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৯৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআরবি-১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে যাত্রীবাহী যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।