পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার
গাজীপুরের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দ্বীন ইসলাম ওরফে হামজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামজা ওই গ্রামের মাশরাফিল ওরফে সোহানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, হামজা তার মায়ের সঙ্গে একই গ্রামের নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।