ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২৪ অক্টোবর ২০২৬
আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি
আখাউড়ায় রাধা মাধব আখড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও পৌর শহরের রাধা মাধব আখড়ায় প্রতিমা বিক্রির হাট বসেছে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত চলছে প্রতিমা বিক্রি। এই হাটে ১৫০ টাকা থেকে  উপরে ৮০০ টাকায় প্রতিমা বিক্রি হচ্ছে । প্রতিমা ক্রয় করতে ওই স্থানে হিন্দু ধর্মাম্বলীদের যেন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেইসাথে বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণও।

এদিকে গত দুই দিন আগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা। রোববার অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপূজা। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা স্থাপন করতে সবাই যেন ব্যস্ত হয়ে উঠেছে ক্রয় করতে। প্রতিমা ক্রয় করতে আসা অনেকেই বলেছেন গত বছরের চাইতে এবার তুলনমূলক দাম কিছুটা বেশি। এদিকে প্রতিমা বিক্রেতারা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার স্থানীয় পর্যায়ে প্রতিমার ভালো চাহিদা রয়েছে। তবে দামও রয়েছে সহনশীল পর্যায়।

পৌর শহরের রাধানগর এলাকার শিবু দেব বলেন, প্রতি বছর লক্ষ্মী পূজায় ঘরে নতুন প্রতিমা স্থাপন করা হয়। তাই পছন্দ করে একটি প্রতিমা ৪৫০ টাকা দিয়ে ক্রয় করি। গতবারের চাইতে মনে হচ্ছে এবার প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিমার পাশাপাশি পূজার অন্যান্য উপকরণ কেনা হয়।

গৃহিণী রিয়া রানী দাস বলেন, রোববার আমাদের লক্ষ্মী পূজা। প্রতি বছর এই পূজায় নতুন প্রতিমা কেনা হয়। তাই প্রতিমা ক্রয় করতে এখানে আসা। বেশ কয়েকটি দেখে পছন্দ করে ৪০০ টাকায় একটি প্রতিমা কেনা হয়। সেইসাথে কেনা হয়েছে পূজার অন্যান্য উপকরণও। তিনি আরও বলেন, শেষ সময় প্রতিমা নিয়ে টানাটানি শুরু হয়। তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনা হয়েছে।

জিৎ পাল বলেন, প্রতিমা দেখে পছন্দ হওয়ায় ছোট আকারের একটি প্রতিমা ১৫০ টাকা দিয়ে একটি কেনা হয়েছে। অন্যান্য উপকরণ বিকালে কেনা হবে বলে জানায়।

দুলাল পাল বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিমা তৈরি করে বিক্রি করছি। এখানে বিক্রি করতে ১০০টি প্রতিমা নিয়ে এসেছি। এক একটি প্রতিমা ২০০  টাকা থেকে উপরে ৭০০ টাকা রয়েছে। এবার অন্যান্য বছরের চাইতে প্রতিমার ভালো চাহিদা রয়েছে। বিক্রিও ভালো হচ্ছে। তিনি আরো বলেন, মাটি থেকে শুরু করে অন্যান্য উপকরণের দাম অনেক বেড়েছে। তাই প্রতিমা তৈরিতে খরচ বেশি হওয়ায় দাম সামান্য বেড়েছে।

নিতাই পাল বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিমাসহ মাটির অন্যান্য জিনিস তৈরি করে বিক্রি করছি। এ কাজে পরিবারের সবাই সহযোগিতা করেন। লক্ষ্মীপূজায়  ৮০টি প্রতিমা বিক্রি করতে এখানে নিয়ে এসেছি । বিক্রিতে ভালো সারা পাচ্ছি। 

বিক্রেতা নারায়ণ পাল বলেন, আমার কাছে তিন ধরনের প্রতিমা রয়েছে। প্রতিটি প্রতিমার দাম রয়েছে ভিন্ন। ছোট আকারের একটি প্রতিমা ১৫০, মাঝারি ৩৫০ ও বড় আকারের ৮০০ টাকায় বিক্রি করছি। এখানে ছোট ও মাঝারি আকারের বিক্রি  বেশি হচ্ছে । এ পযর্ন্ত ৫০টি বিক্রি হয়েছে।  আশা করছি, সন্ধ্যার মধ্যে বাকিগুলো বিক্রি শেষ হবে।

আখাউড়া  পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,বলেন, লক্ষ্মী পূজা উপলক্ষে রাধা মাধব আখড়ায় দীর্ঘ বছর ধরে প্রতিমা বিক্রি হয়ে আসছে। দুর্গাপূজা শেষ হওয়ার পর দিন থেকেই এখানে বিভিন্ন জায়গার লোকজনরা প্রতিমা বিক্রি করতে এসেছেন। অন্যান্য বছরের চাইতে এবার প্রথম দিনই বেশ জমজমাট হয়ে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/জেডআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!