ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জাতিসংঘের ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীতে বাংলাদেশের বজলুর রহমান

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ২৫ অক্টোবর ২০২৬
জাতিসংঘের ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীতে বাংলাদেশের বজলুর রহমান
বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহুপক্ষীয় পরামর্শক গোষ্ঠীর (এমসিজি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। এ দায়িত্বে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক বিশ্বসম্মেলনে (ডব্লিউএসআইএস) গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাবেন তিনি। এএইচএম বজলুর রহমানের গ্রামের বাড়ির ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচায়।

মানুষকে কেন্দ্রে রেখে অধিকারভিত্তিক ডিজিটাল উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরামর্শক গোষ্ঠীতে অবদান রাখবেন বজলুর রহমান। ডিজিটাল অন্তর্ভুক্তি, ইন্টারনেট গভর্ন্যান্স, দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের অখণ্ডতা, ডিজিটাল কূটনীতি ও নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণতান্ত্রিক অংশগ্রহণ এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেবেন তিনি। ইউএনজিআইএসের বহুপক্ষীয় পরামর্শক গোষ্ঠী সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, প্রযুক্তি সম্প্রদায়, শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইউএনজিআইএসের মতবিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে অংশীজনরা সংস্থাটির অগ্রাধিকার সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে পারেন এবং নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরতে পারেন। গোষ্ঠীটি মূলত পরামর্শমূলক ভূমিকা পালন করে এবং বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়াতে সহায়তা করে। বর্তমানে ইউএনজিআইএসে ৩১টি সদস্যসংস্থা ও ২১টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের এ/আরইএস/৮০/১৭৩ নম্বর প্রস্তাবসহ ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনার ফলাফল এবং বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই পরামর্শক গোষ্ঠী গঠিত হয়েছে। উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিশনের (সিএসটিডি) ২৯তম বার্ষিক অধিবেশন, বার্ষিক ডব্লিউএসআইএস ফোরাম এবং ইউএনজিআইএসের অন্যান্য আয়োজনে অংশীজনদের কাছ থেকে এসব মতামত নেওয়া হয়।

ডব্লিউএসআইএসে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধনের কাঠামো হিসেবে কাজ করে ইউএনজিআইএস। টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিষয়ে জাতিসংঘব্যবস্থার মধ্যে নীতিগত সামঞ্জস্য ও সহযোগিতা বাড়ানো এর অন্যতম লক্ষ্য। ২০০৫ সালের তথ্যসমাজবিষয়ক তিউনিস এজেন্ডার আহ্বানের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের এপ্রিলে জাতিসংঘব্যবস্থার প্রধান নির্বাহীদের সমন্বয় বোর্ড (সিইবি) ইউএনজিআইএস প্রতিষ্ঠা করে। অংশগ্রহণকারী সংস্থাগুলোর নিজস্ব কর্মপরিধির মধ্যে সমন্বয় জোরদার, কাজের পুনরাবৃত্তি কমানো এবং যৌথ উদ্যোগের কার্যকারিতা বাড়ানো সংস্থাটির অন্যতম কাজ।

প্রসঙ্গত, বিএনএনআরসি ২০১৬ সালে জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পায় সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!