ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কটিয়াদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৩১ অক্টোবর ২০২৬
কটিয়াদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে হিফজুল কোরআন সম্পন্নকারী, দাওরায়ে হাদিস উত্তীর্ণ, কোরআন হিফজ প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

মাওলানা মুফতি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি উমর আহমদ, ফেকামার কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ রউফ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ছাঈদ আহমদ, মুফতি হাবিবুর রহমান জিহাদী, হাফেজ সিরাজুল হক খান, মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী ও হাজী ইউসুফ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

আলোচনা শেষে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া ৫৬ জন, হিফজুল কোরআন সম্পন্নকারী ৩৫ জন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৮ জন, হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী তিনজন এবং ইসলামি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন রয়েছে।

আয়োজকরা জানান, ধর্মীয় ও সাধারণ শিক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় অনুপ্রাণিত করাই এ আয়োজনের লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!