ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ৩ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে চাঁদা না পেয়ে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠী এলাকায় বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। দাবি করা টাকা না পেয়ে এক নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার পাশাপাশি বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে। আহতদের মধ্যে দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের টাউন জৈনকাঠী এলাকার ২ নম্বর বাঁধঘাট পানির ট্যাংকসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) মো. আনোয়ার হোসেন হাং পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে মো. মালেক মৃধা, মো. জলিল মৃধা, মো. কামাল মৃধা, মো. সিদ্দিক মৃধা, মো. ইকবাল মৃধা, মো. জামাল ও মো. সোহেল মৃধাসহ অজ্ঞাতনামা ১১ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের বোন ও বোনজামাই টাউন জৈনকাঠী এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি সেখানে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময় বাধা দিয়ে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও নির্মাণকাজে বাধা দিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা নির্মাণকাজ বন্ধ করতে বলেন এবং টাকা দাবি করেন। বাড়ির লোকজন প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে নাজমা বেগমের মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। আরেকজন দায়ের কোপ থেকে বাঁচতে হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে ডান হাতে গুরুতর জখম হন। এ ছাড়া একজনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নাজমা বেগমের গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া জিহাদের পকেট থেকে ৯ হাজার টাকা এবং ঘরের আলমারি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ করা হয়েছে। নাজমা বেগমের শ্লীলতাহানি এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধনের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাঁদের চিৎকার শুনে আনোয়ার হোসেনসহ অন্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলেও তাঁরা সাড়া দেননি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!