ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ৩ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড
সাজাপ্রাপ্ত আসামি। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে একটি ট্রাকের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাকাকা পুরাতন পাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ট্রাকচালক রাসেল মিয়া এবং একই গ্রামের সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিছুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকের চালক রাসেল মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!