ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটালীপাড়ার সেই অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ৫ নভেম্বর ২০২৬
কোটালীপাড়ার সেই অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

সংবাদমাধ্যমে প্রকাশিত এক অসহায় বৃদ্ধের দুর্দশার খবর নজরে আসতেই তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সম্পদ বিলিয়ে নিঃস্ব হয়ে পড়া ৮৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে শামসুল হকের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি বৃদ্ধের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেয়। এ সময় তার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা তুলে দেওয়া হয়।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘সরেজমিনে এসে জানতে পেরেছি, প্রতিবেদনটি প্রকাশের পর তার ছেলেরা ভুল বুঝতে পেরে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন। তারা আমৃত্যু তার দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হবে।’

সম্প্রতি ‘সম্পদ বিলিয়ে নিঃস্ব বৃদ্ধের উপলব্ধি, সন্তানদের বঞ্চিত করে নিজেই ভুল করেছি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে শামসুল হকের অসহায় জীবনের চিত্র উঠে আসে। প্রায় তিন বছর আগে নিজের জমিজমা বিক্রি করে চার মেয়েকে অর্থ দিলেও দুই ছেলেকে কিছু দেননি তিনি। পরে নিজের সঞ্চিত অর্থ ওমরাহ, দান, ধারসহ বিভিন্ন প্রয়োজনে ব্যয় করতে গিয়ে একপর্যায়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েন।

প্রতিবেদনে শামসুল হক বলেছিলেন, ‘আমি ভুল করেছি। সন্তানদের ঠকিয়েছি, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছি। আমার মতো ভুল যেন আর কোনো বাবা না করেন। জীবনের শেষ কটা দিন সন্তানদের নিয়ে, পরিবারের সঙ্গে থাকতে চাই।’

গত ২ নভেম্বর সেজো মেয়ে সালমা বেগমের বাড়ি থেকে নিজ গ্রাম উত্তর হিরণে ফিরে দুই রাত মসজিদে কাটান তিনি। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা এগিয়ে আসেন। ৩ নভেম্বর ইউএনও সাইফ-উল-আরেফীন তার দুই ছেলের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসন ও স্থানীয়দের মধ্যস্থতায় ৪ নভেম্বর সকালে দুই ছেলে বাবাকে বাড়িতে ফিরিয়ে নেন।

বৃদ্ধের দুর্দশার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় প্রতিনিধি দলটি বৃদ্ধের বাড়িতে গিয়ে তার খোঁজ নেয়।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় যৌথ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আবদুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য এ বিষয়ে বুধবার (৪ নভেম্বর) ডেইলি বাংলাদেশ অনলাইন পোর্টালে সম্পদ বিলিয়ে নিঃস্ব বৃদ্ধের উপলব্ধি, ‘সন্তানদের বঞ্চিত করে নিজেই ভুল করেছি’ শিরোনামের সংবাদ প্রকাশিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!