ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ৫ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি
ছবি সংগৃহীত

গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করা হয়। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করে। গত বুধবার (৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন। অন্য শিক্ষকদের কাছ থেকেও ঘটনার বিষয়ে নিশ্চিত হন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। পুলিশ কী কারণে সেখানে অবস্থান করছে, তা তিনি জানেন না বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!