ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আত্মমর্যাদাসম্পন্ন প্রবাসী গড়ে তুলতে নোয়াখালীতে রেফারেল কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ৫ নভেম্বর ২০২৬
আত্মমর্যাদাসম্পন্ন প্রবাসী গড়ে তুলতে নোয়াখালীতে রেফারেল কর্মশালা
নোয়াখালীর বিআরডিবি হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রেফারেল কর্মশালা। ছবি- ডেইলি বাংলাদেশ
নোয়াখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত জেলা রেফারেল কর্মশালায় বিদেশে যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা গ্রহণের মাধ্যমে আত্মমর্যাদাসম্পন্ন প্রবাসী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে বিদেশফেরত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীতে বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘Improved Sustainable Reintegration of Bangladeshi Returnee Migrants–Prottasha II’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা। এতে বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক আশীষ কুমার কর, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার নুরুল হুদা ভূঁইয়া এবং সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক (এমও) ডা. ফাত্তাহেল আলীম। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান।

কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিরা ‘প্রত্যাশা-২’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। এ সময় বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে মনোসামাজিক ও পরিবারভিত্তিক কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, আর্থিক সহায়তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের প্রতিষ্ঠানের বিদ্যমান সেবা, বিদেশফেরত অভিবাসীদের জন্য সহায়তার সুযোগ এবং সেবা গ্রহণের প্রক্রিয়া তুলে ধরেন। পাশাপাশি অভিবাসীদের প্রয়োজন অনুযায়ী যথাযথ প্রতিষ্ঠানে পাঠানো, সেবা প্রাপ্তি সহজ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, বিদেশফেরত অভিবাসীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে বিচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ নেই। এ জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা গেলে বিদেশফেরত অভিবাসীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

কর্মশালায় জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি উন্নয়ন সংস্থা, ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন, রেফারেল ও বিভিন্ন সেবা সংযোগে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘প্রত্যাশা-২’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে কাজ করছে সংস্থাটি।
ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!