দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষক। ঘটনার এক দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক ও তার মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রাজিব হোসেন স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের পরিচালক। তিনি বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেশমাকে (ছদ্মনাম) কোচিং সেন্টার ও নিজের বাসায় পড়াতেন।
পরিবারের অভিযোগ, বুধবার সকালে বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর ওই ছাত্রী আর ফেরেনি। পরে খোঁজ নিয়ে তার মা জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিবের সঙ্গে মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বৃহস্পতিবার ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে রাজিব ও তার মাকে বিবাদী করে থানায় অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, এর আগেও রাজিব দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। পরে তাদের দুজনের সঙ্গেই তার বিচ্ছেদ হয়।
বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত রাজিব হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান শুক্রবার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।