ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ৬ নভেম্বর ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ খাদ্যপণ্য, প্রসাধনী, পোশাক, গরু, মাছ, মাদক ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা, মঈনপুর, চন্ডিদার ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, আমুল কুল, হরলিক্স, চকলেট, ফুসকা, বাসমতি চাল, বাজি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের জার্সি, হাফপ্যান্ট, ফেয়ারনেস ক্রিম, মেহেদি, লোশন, সেভেন অয়েল, অলিভ অয়েল ও লাইট হেয়ার অয়েল উদ্ধার করা হয়। এ ছাড়া গরু, শিং মাছ, বিয়ার, গাঁজা ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪০ হাজার ৮২০ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

উদ্ধার করা পণ্যসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!