ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গঙ্গা চুক্তি বাস্তবায়ন ঠেকাতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৬ নভেম্বর ২০২৬
গঙ্গা চুক্তি বাস্তবায়ন ঠেকাতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম
জয়পুরহাটে শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

গঙ্গা চুক্তি যেন বাস্তবায়ন করতে না হয়, সে কারণে ভারত বাংলাদেশে নানা ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জয়পুরহাটের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গঙ্গা চুক্তি যেন বাস্তবায়ন করতে না হয়, সে কারণে বাংলাদেশে নানা ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারত।’ ভারত দীর্ঘদিন ধরে পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এ দেশের মানুষকে শোষণের অন্যতম হাতিয়ার হচ্ছে পানি।

তিনি আরো বলেন, গত আট মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম, তাদের পুনর্বাসন এবং দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন প্রচেষ্টায় বর্তমান সরকার সুযোগ করে দিচ্ছে। দেশ বর্তমানে সংকটময় সময় পার করছে, যার অন্যতম উদাহরণ শ্রমিক আন্দোলন।

শ্রমিক আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলনের শুরুতেই সরকারের উচিত ছিল মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা। কিন্তু তা না করে সরকারের গাফিলতি ও যথাযথ পদক্ষেপের অভাবে আন্দোলন আরো বিস্তৃত হয়েছে এবং এতে একজন শ্রমিক নিহত হয়েছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার গাফিলতি করলে ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন নাশকতার চেষ্টা করবে, যার প্রতিফলন ইতোমধ্যে দেখা গেছে। তবে আগামী ডিসেম্বরে বা অন্য কোনো সময়ে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সচিব সারজিস আলম।

বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দেশের চলমান পরিস্থিতিতে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!