নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, পিস্তল-গুলি
নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি ও ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিকুর রহমান।
তিনি জানান, নরসিংদী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি আবু লাল ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশের সমন্বয়ে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নরসিংদী সদর ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গত ৬ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানার ঘাটাইল এলাকায় আবু লালের নিজ বসতঘরসংলগ্ন রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।