ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ৭ নভেম্বর ২০২৬
হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আয়োজিত জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থী।

প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান। একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় হয়েছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।

এ সাফল্য উদ্‌যাপনে শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

এর আগে শুক্রবার দুপুরে জেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল ইসলাম এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আল-আমীন ইসলাম।

প্রথম স্থান অর্জনকারী সালমান ফারসি রেদওয়ান বলে, ‘প্রথম স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করেছি। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করতে চাই।’

সালমানের বাবা বলেন, ‘সন্তানের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের উৎসাহ-অনুপ্রেরণা রয়েছে। ভবিষ্যতে সে যেন ভালো মানুষ হওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা করি।’

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, একই প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা হয়। এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, শিশুদের সুন্দর হাতের লেখা চর্চা, মনোযোগ ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর এ সাফল্য প্রশংসনীয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!