সাজেকে ইউপিডিএফ নেতার আস্তানা থেকে অস্ত্র, গুলি ও চাঁদার রশিদ উদ্ধার
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রানাসাবা পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৭ নভেম্বর) বাঘাইহাট জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) চিফ কালেক্টর হিসেবে পরিচিত রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু পালিয়ে যান।
সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রানাসাবা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রূপেশ চাকমা পালিয়ে গেলেও পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিনটি অ্যামোনিশন, একটি দেশীয় চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চার্জার ও কভার, টাকা সংগ্রহের একটি কালো ব্যাগ, লাইটারের একটি ব্যাটারি, চারটি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের সাতটি রশিদ বই, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।
সেনাবাহিনীর তথ্যমতে, রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফের (মূল) চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
তবে অস্ত্র উদ্ধারের বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থল তার থানার আওতাধীন নয়। এটি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় হতে পারে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না।