ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ৮ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে সুলতানপুর-আগরতলা সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে সম্প্রতি বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।

তাদের দাবি, বাসুদেব ইউনিয়নকে অখণ্ড রেখে আগের অবস্থায় পুনর্বহাল করতে হবে। সদর উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে এর আগে কয়েক দফা আন্দোলন করেও কোনো সমাধান না পাওয়ায় এবার সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন তারা।

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৭টা থেকে কোড্ডা কেবিনসংলগ্ন এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার বিশ্বাস জানান, রেলপথ অবরোধের কারণে দুই দিকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আটকা পড়েছে। এ ছাড়া সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস এবং কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের চলাচলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সড়ক ও রেলপথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!