ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেফতারকৃত আসামী

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ মো. খোকন আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির ১৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।


শনিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে খোকন আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকন আলী ওই গ্রামের শুকুর আলীর ছেলে।


সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ তল্লাশি করে একটি সবুজ শপিং ব্যাগের ভেতরে রাখা সাদা প্লাস্টিকের কৌটা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।


এ ঘটনায় খোকন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


উল্লেখ্য, মাদকদ্রব্যের বিস্তার তরুণ প্রজন্ম ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!