ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ৮ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান নামে এক তরুণ নিহত হয়েছেন।

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৭ নভেম্বর, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একই ইউনিয়নের সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২) রয়েছেন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। ছিটকে পড়ে গুরুতর আহত হন আরোহীরা।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশ পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!