ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সমবায় মেলা উদ্বোধন এবং সফল খামারি, সমবায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানস্থলে সমবায় মেলার উদ্বোধন করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো. বেলাল হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সদর বিআরডিবির চেয়ারম্যান আলী আজম, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী লিটন এবং জেলা সমবায় সমিতির সভাপতি আবু হানিফ তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন বলেন, সমবায় সম্মিলিত প্রচেষ্টায় আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের কার্যকর মাধ্যম। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্র করে সমবায়ের মাধ্যমে কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের বিকাশ ঘটানো সম্ভব।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তিতে পরিচালনা করতে হবে।
সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সমবায়ের সুফল প্রকৃত সদস্য ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সফল খামারি, সমবায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।