ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বান্দরবানে পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার মরদেহ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৮ নভেম্বর ২০২৬
বান্দরবানে পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার মরদেহ
ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদ থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় গভীর খাদে থাকা ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরীফ বান্দরবান পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার বাসিন্দা মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। পাহাড় থেকে ঝিরিতে পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি পাড়ার লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গভীর পাহাড়ি খাদ থেকে মরদেহটি উদ্ধার করেন।

বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, মরদেহ উদ্ধারের পর তারা শরীফকে শনাক্ত করেন। রাতে ভাণ্ডারিপাড়া থেকে কীভাবে তিনি কসাইপাড়ায় এলেন, তা রহস্যজনক। প্রায় ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে ঝিরির খাদে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জোর করে নিয়ে যাওয়া না হলে সেখানে তার যাওয়ার সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের বাঁ পাশেও ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে পাহাড় থেকে খাদে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে পড়ে গেছেন, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!