‘নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠছে। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বকশি।
রোববার বিকেলে আব্দুল্লাহপুর ইউনিয়ন বাজার থেকে তার নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিবারহাট, শিবা চৌমুহনী, বসরত উল্লাহ, ঢালিরহাট, ফকিরহাট ও মিনা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে ফকিরহাট বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মিজানুর রহমান বকশি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মিজান বকশি বলেন, আব্দুল্লাহপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান তিনি।
এই চেয়ারম্যান প্রার্থী জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের দরিদ্র মানুষকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তার কার্ড পেতে বিনামূল্যে সহযোগিতা করা হবে, যাতে কেউ হয়রানির শিকার না হন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতা করে আসছেন বলেও দাবি করেন তিনি।
নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করার অঙ্গীকার করেন মিজান বকশি। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।