ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছয় হাজার বিঘা জমি পানির নিচে, বন্ধ তিন ফসলের আবাদ

গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৪৪, ৯ নভেম্বর ২০২৬
ছয় হাজার বিঘা জমি পানির নিচে, বন্ধ তিন ফসলের আবাদ
সিরাজগঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ফসলি জমি। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার ১৩টি মৌজায় ভয়াবহ জলাবদ্ধতায় প্রায় ছয় হাজার বিঘা ফসলি জমি অনাবাদি পড়ে রয়েছে। একসময় যেসব জমিতে বছরে বোরো, আমন ও সরিষার আবাদ হতো, সেখানে এখন হাঁটু থেকে কোমরসমান পানি। অপরিকল্পিত পুকুর খনন ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কয়েক শ কৃষক।

স্থানীয়দের অভিযোগ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলায় অপরিকল্পিতভাবে অসংখ্য পুকুর খনন করা হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বিভিন্ন স্থানে ব্রিজের মুখে মাটি ফেলা হয়েছে। ফলে জমে থাকা পানি বের হতে না পেরে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন।

সরেজমিনে দেখা গেছে, তাড়াশ উপজেলার সীমান্তবর্তী পাঁচটি এবং উল্লাপাড়া উপজেলার আটটি মৌজার ফসলি জমি জলাবদ্ধতার শিকার। ১৩টি মৌজায় প্রায় ছয় হাজার বিঘা জমিতে স্বাভাবিকভাবে ফসল উৎপাদন করা যাচ্ছে না। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানিতে ডুবে রয়েছে জমি। একসময় তিন ফসল উৎপাদন করা এসব জমি এখন অনাবাদি পড়ে আছে।

তাড়াশের আগরপুর গ্রামের কৃষক নজরুল শেখ (৫৫) বলেন, পাঁচ বছর আগেও এসব জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ করতেন তারা। কিন্তু জলাবদ্ধতার কারণে এখন কোনো ফসলই চাষ করা সম্ভব হচ্ছে না। ব্রিজের মুখ বন্ধ করে দেওয়া এবং অপরিকল্পিত পুকুর খননের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কৃষক হাবিবুর রহমান বলেন, তাড়াশ ও উল্লাপাড়ার ১৩টি মৌজায় অন্তত ছয় হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার কারণে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারছেন না। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৩২ হাজার ২০০ হেক্টর। এর মধ্যে ৩১ হাজার ৯৭০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে। অন্যদিকে তাড়াশ উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় আবাদি জমির পরিমাণ ২৯ হাজার ৭৩২ হেক্টর। এর মধ্যে ২৫ হাজার ১১৫ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওজেস আলী জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে বলেন, কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবার বিশেষ প্রকল্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ সমস্যার কারণে কয়েকটি গ্রামের শত শত কৃষক সম্ভাবনাময় তিন ফসলি জমিতে চাষাবাদ করতে পারছেন না।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ফসলি জমিতে পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি খননযন্ত্র জব্দ করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনেও জোরালো চেষ্টা চলছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জলাবদ্ধতাকবলিত মাঠ পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও সরকারি সহযোগিতায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!