যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বাস চালালেন চালক, প্রাণ গেল ৩ জনের
যাত্রীদের বারবার নিষেধ সত্ত্বেও বাসের গতি কমাননি চালক। বেপরোয়া গতিতে চলার একপর্যায়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আনন্দ পরিবহনের একটি বাস। এতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চন্দ্রগঞ্জ এলাকার মানছুরা বেগম ও বাবুল হোসেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জানান, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলার সময় সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত যাত্রী আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে চালককে বারবার গতি কমানোর অনুরোধ করেন যাত্রীরা। কিন্তু তিনি কারও নিষেধ শোনেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।